ধর্মের জিগির করে নারীদের ঘরে আটকে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্মের জিগির করে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। খবর বাসসের।
গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস, ২০১৪ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ বছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে: ‘অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা।’
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম ও ইউএন উইমেন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা নারীবিদ্বেষী অপপ্রচার করেন, তাঁরা কেন ভুলে যান রাসুলুল্ল্লাহ (সা.)-এর হাত ধরে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী আর কেউ নন, একজন নারী, হজরত বিবি খাদিজা। তাঁরা কেন ভুলে যান যে বিবি খাদিজা নিজে তাঁর ব্যবসা পরিচালনা করতেন। হজরত বিবি আয়েশা (রা.) নিজে যুদ্ধে অংশ নিয়েছিলেন।’
শেখ হাসিনা নারীকে গৃহবন্দী করে রাখার জন্য ধর্মের অপব্যাখ্যা এবং নারীবিদ্বেষী অপপ্রচার বন্ধে রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের নারীরা যখন দেশের অর্থনৈতিক উন্নয়নে, রাজনৈতিক ক্ষমতায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে, তখন দেখা গেছে একটি মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে, নারীবিদ্বেষী অপপ্রচার করে নারীদের গৃহবন্দী করে রাখতে চায়।’
পবিত্র কোরআন শরিফ ও হাদিসের কোন জায়গায় নারীকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া আছে জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বরং পবিত্র ইসলাম ধর্মই নারীর সম্মান নিশ্চিত করেছে। শিক্ষা এবং সম্পত্তিতে নারীর অধিকারের স্বীকৃতি দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নারীকে উন্নয়ন-প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রেখে এ দেশের আর্থসামাজিক উন্নয়ন অসম্ভব। নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে একটি মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। ইউনিয়ন, উপজেলা ও পৌরসভায় সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াংশে উন্নীত করাসহ এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০ জন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সরকারই সশস্ত্র বাহিনীতে নারী কর্মকর্তা নিয়োগ শুরু করে। এবারই প্রথম একজন নারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে নারী উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধকল্পে সাতটি বিভাগীয় শহরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ-ক্রাইসিস সেন্টার স্থাপন করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে সবেতনে ছয় মাস করা হয়েছে।