ধর্মের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না। ধর্মের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না।’

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ঢাকার লালবাগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে এ দেশের প্রতিটি ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ এক হয়ে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। সবার রক্ত একাকার হয়ে মিশে গেছে এ দেশের মাটিতে। তাই সব ধর্মের মানুষ তাদের এই দেশটাতে ঐক্যবদ্ধভাবে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বর্তমান সরকার সব সময় কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম; সৌহার্দ্যের ধর্ম; ভ্রাতৃত্বের ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। কিন্তু যারা এই সন্ত্রাস সৃষ্টি করে, তারা ধর্মবিরোধী কাজই করে। ধর্মের অবমাননা করে।

শেখ হাসিনা বলেন, ‘এখানে সবাই যার যার ধর্ম পালন করে এবং করবে। সেই পরিবেশটাই আমরা তৈরি করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বাংলাদেশিরা সেটাই মানি এবং সবাই মিলে যেকোনো উৎসব উদ্‌যাপন করি। তাই সবাই মিলে আসুন আমরা এই দেশকে গড়ে তুলি। এই দেশ যত উন্নত হবে, সমৃদ্ধিশালী হবে; বিশ্বসভায় ততই আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত হব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা সংঘাত চাই না; সমৃদ্ধি চাই, উন্নতি চাই। যে উন্নতির ছোঁয়া একদম গ্রামের তৃণমূল মানুষ পর্যন্ত পাবে।’

দুর্গাপূজার মহাসপ্তমীর দি‡ন দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সারা দেশে বিপুল উৎসাহে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। আমি চাই, আপনারা প্রার্থনা করবেন আমাদের এই দেশটার যেন উন্নতি হয়। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সাংসদ হাজি মো. সেলিম, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি, কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার পাল, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরে রাজধানীর টিকাটুলীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন।