ধর্মের নামে নারীদের পিছিয়ে রাখার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারীদের সম-উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে নারীদের পেছনে ফেলে রাখার কোনো সুযোগ নেই। একই সঙ্গে নিজেদের কর্ম, মর্যাদা ও আত্মবিশ্বাসের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইউএনবি ও বাসসের।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ‘ইউএন উইমেন’-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার। স্বাগত বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
ইসলাম নারীদের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে কাউকে পেছনে ঠেলে দেওয়ার বা অবহেলিত করে রাখার কোনো সুযোগ নেই।’ ইসলামে নারীর ক্ষমতায়নের গৌরবের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসলামই একজন নারীকে তাঁর অভিভাবক ও স্বামীর সম্পত্তিতে অধিকার দিয়েছে; যা অন্য কোনো ধর্ম দেয়নি।
যথাযথভাবে সমাজ নির্মাণে এর সব শাখার উপযুক্ত মূল্যায়ন করতে ও সেগুলোর ওপর মনোযোগ দিতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি শাখাকে অগ্রাধিকার দিয়ে ও অন্যটিকে অবহেলা করে সমাজকে এগিয়ে নেওয়া অসম্ভব। টেকসই উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সমাজের সব শাখার উন্নয়ন করতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের কারও মুখাপেক্ষী হলে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে; নিজের পায়ে দাঁড়াতে হবে; আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেবে না; বরং করুণা করবে। করুণা নিয়ে মেয়েরা বাঁচতে পারে না।’
প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তো বটেই, অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, ‘অনেক পরাশক্তি যারা বিশ্বে মোড়লগিরি করে বেড়ায় তারাও এখন পর্যন্ত কোনো নারী সরকারপ্রধান নির্বাচন করেনি। এমনকি নারীদের ভোটাধিকারও দেয় অনেক দেরিতে।’ নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ পার্শ্ববর্তী ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের উপনেতা ও স্পিকার নারী। এ রকম দৃষ্টান্ত পৃথিবীতে নজিরবিহীন। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ৭০ ভাগ মানুষ নারী ও কন্যাশিশু। অনেক দেশে নারীরা পুরুষের সমান কঠিন কাজ ও দুর্যোগপূর্ণ কাজে অংশ নিচ্ছেন, কিন্তু তাঁরা উপযুক্ত মজুরি পাচ্ছেন না। তবে তাঁর সরকার নারীসমাজের কাজের মূল্যায়ন করছে ও প্রকৃত মজুরি দেওয়ার ব্যবস্থা করেছে।
টেলিভিশনে প্রচারিত প্রধানমন্ত্রীর ভাষণ থেকে জানা গেছে, সব ক্ষেত্রে নারীরা সুচারুভাবে কাজ করে যাচ্ছেন এবংÿক্ষেত্রবিশেষে তাঁরা পুরুষের চেয়েও এগিয়ে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মেয়েদের হাতে কাজ দিলে তাঁরা অত্যন্ত সুনিপুণভাবে করে। দুর্নীতিতে মেয়েরা একটু কম জড়ায়। ছেলেরা একটু বেশি জড়ায়, এতে কোনো সন্দেহ নেই।’