ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর পাঁয়তারা করছে একদল ধর্মীয় মৌলবাদী জনগোষ্ঠী। তাই ধর্মের নামে নারীর অগ্রযাত্রায় সব বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে গৃহবন্দী করার অপচেষ্টাসহ হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাতিলের দাবি এবং জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির বিরুদ্ধে সব চক্রান্তের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচি থেকে এসব আহ্বান জানানো হয়।গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের জায়গায় জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ, সুফিয়া কামাল ফেলো, সিএসডিএফ ও চট্টগ্রামে কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন, নারী, মানবাধিকার ও পেশাজীবী উন্নয়ন সংগঠনগুলোর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে আইএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, এ দেশের সার্বিক উন্নয়নে নারী দক্ষতার সঙ্গে ইতিবাচক ভূমিকা রাখছে। অথচ একদল ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী নারীর এ এগিয়ে চলাকে ৫০০ বছরের পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি জানানোর মাধ্যমে ব্লাসফেমি আইন প্রচলন করে এ দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা আবিদা আজাদ বলেন, নারীরা পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে পারছে বলেই তারা সহ্য করতে পারছে না। বিশ্বে অধিকাংশ দেশে নারী উন্নয়ন নীতিমালার সফল বাস্তবায়ন হলেও বাংলাদেশে মৌলবাদী জনগোষ্ঠীর অপচেষ্টার ফলে এখনো তা আলোর মুখ দেখেনি। মানববন্ধনে সংহতি জানিয়ে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, যে নারী একাত্তরের যুদ্ধে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই নারীকে আজ তারা গৃহবন্দী করে রাখতে চায়, যারা কিছুদিন ধরে ধর্মের দোহাই দিয়ে সারা দেশে তাণ্ডবলীলা চালিয়েছে। সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাতিল এবং একুশে টিভির সাংবাদিক নাদিয়া শারমিনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান।