ধর্মের নামে বনের জমি দখল গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে মসজিদের নামে দুই বিঘা বা তার বেশি বনের জমি দখল করে ভূমিদস্যুরা। তার পাশে আরও কিছু দখল করে কবরস্থান তৈরি করে। এরপর সুযোগ বুঝে সেখানে মার্কেট তৈরি করে, বাড়ি নির্মাণ করে ভাড়া দেয়। ধর্মের নাম ব্যবহার করে বনের জমি দখল করা গ্রহণযোগ্য নয়।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর রেঞ্জের ডাকবাংলোয় সামাজিক বনায়নের চেক প্রদান অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা অঞ্চলের কেন্দ্রীয় বন সংরক্ষক জহির উদ্দিন আহম্মেদ, বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার প্রমুখ।
মন্ত্রী বন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বনদস্যুরা বনের জমি দখল করে তা বিক্রি করছে এমন অনেক অভিযোগ তাঁর কাছে আছে। এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিভিন্ন শিল্পকারখানার মালিকেরা সীমানাপ্রাচীর দিয়ে বনের বহু জমি দখল করে আছেন। সেগুলো উদ্ধার করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে উপজেলা প্রশাসনকেও বনের জমি দখলকারীদের তালিকা তৈরি এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বনের উপকারভোগী ২০৮ জনের মধ্যে ৩ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করেন। তাঁদের মধ্যে একজন উপকারভোগী সর্বোচ্চ ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক পান।