শান্তির ধর্ম ইসলামের নামে কেউ যাতে মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সে জন্য সজাগ থাকতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইসলামের ভুল ব্যাখ্যা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাঁদের কাছে সঠিক ধর্মোপদেশ পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের জাতীয় সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১২-এ ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ যাতে সঠিক পথ বেছে নেয় এবং অবিচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে, তার জন্য তাদের ধর্মোপদেশ দিতে আপনাদের (আলেম-ওলামা) প্রতি আহ্বান জানাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ইসলামের নামে ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়ে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার চলছে। প্রধানমন্ত্রী বলেন, ‘তারা তাদের কৃত অপরাধের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়।’ তিনি বলেন, ১৯৭১ সালের দুষ্কৃতকারীদের বিচার অবশ্যই শেষ করা হবে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালও বক্তৃতা করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষিত শ্রেষ্ঠ ইমামদের মধ্যে চেক, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।