বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ধর্মের নামে বিশ্বে আজ বিভিন্ন দেশে হানাহানি চলছে। রামকৃষ্ণ সব
ধর্মের মতকে শ্রদ্ধা করেছেন। একই লক্ষ্য অর্জনের উপায়ও বলে দিয়েছেন। তাঁর দর্শন বুঝতে পারলে ধর্মের নামে হানাহানি থাকবে না। ধর্মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জে এম সেন হলে রামকৃষ্ণ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের গতকাল ছিল তৃতীয় দিন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের কোষাধ্যক্ষ স্বামী গিরিশানন্দজী মহারাজ, কলকাতা যোগোধ্যান মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজী মহারাজ, কলকাতার রামকৃষ্ণ ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ প্রমুখ।
এর আগে পঙ্কজ সরন গতকাল বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার বান্ধব পাঠাগারের সুবিমল দত্ত ভবন উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত প্রথম ভারতীয় হাইকমিশনার সুবিমল দত্তের নামে এই ভবনের নামকরণ করা হয়। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কানুনগোপাড়ায়।