ধর্ষক বিএসএফের বিচার দাবি পশ্চিমবঙ্গ মানবাধিকার সংস্থার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধর্ষিতা বাংলাদেশি নারীর ন্যায়বিচার চেয়েছে কলকাতার মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ (মাসুম)। গতকাল শুক্রবার সংস্থাটি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে লেখা এক চিঠিতে এই আরজি জানায়। মাসুম তার আরজিতে অবিলম্বে দায়ী ধর্ষক বিএসএফ জওয়ান সুরজিৎ দেববর্মাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত, ধর্ষিতা ও তাঁর শিশুপুত্রের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং ধর্ষিতা ও তাঁর শিশুপুত্রকে কারাগার থেকে মুক্ত করে সেফ হোমে রাখার আহ্বান জানিয়েছে। মাসুমের এক কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, তাঁরা সব সময়ই বলে আসছেন আইনে রয়েছে এখন কোনো বাংলাদেশি ফৌজদারি অপরাধ না করলে তাঁকে কারাগারে রাখা যাবে না। তাই অবিলম্বে ওই নারী ও তাঁর শিশুপুত্রকে কারাগার থেকে মুক্ত করে সেফ হোমে রাখতে হবে। ধর্ষিতা ওই নারী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ কারাগারে রয়েছেন। সঙ্গে রয়েছে তাঁর ছয় বছরের পুত্র। গত ১১ জুলাই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার আংরাইলের ক্ষেতপাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয় পুত্রসহ ৩০ বছর বয়সী ওই নারী। পরে ওই নারী অভিযোগ করেন, গ্রেপ্তারের পর বিএসএফের জওয়ান সুরজিৎ দেববর্মা জোর করে তাঁকে ধর্ষণ করেছেন। ওই নারীর বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। তিনি মুম্বাইয়ে পরিচারিকার কাজ করতেন।