ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আকোটেরচর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গতকাল রোববার এ দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে। ওই কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এ ছাড়া ধর্ষকদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল বেলা এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসী মিলে পাঁচ শতাধিক প্রতিবাদকারী সমবেত হন।

বেলা আড়াইটার দিকে ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

মজিবর রহমান বলেন, এ ধর্ষণের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আগামী সাত দিনের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, সাত দিনের মধ্যে ধর্ষণকারীদের গ্রেপ্তার করা না হলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সমাবেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গফফার মিয়া, ডেপুটি কমান্ডার মো. মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী শিকদার প্রমুখ অংশ নেন।

এরপর আন্দোলনকারীরা ইউএনওর মাধ্যমে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।