ধর্ষকদের পক্ষে আইনজীবী ও রাজনীতিবিদের অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো। গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানানো হয়। ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে চিটাগং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) নেতৃত্বে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।সিএসডিএফের চেয়ারম্যান এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী, সিএসডিএফের ভাইস চেয়ারপারসন কাজী ইকবাল বাহার ছাবেরী, মানবাধিকার সংগঠন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা এবং অপরাজেয় বাংলাদেশ, পার্ক, প্রশিকা, উৎস, স্বপ্নীল বাংলাদেশ, অগ্রযাত্রাসহ চট্টগ্রামের আরও কিছু উন্নয়ন সংগঠনের কর্মকর্তারা।সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতনের ঘটনা বাড়ছে। তাঁরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ দায়িত্ব পালনে অবহেলা, আইনি জটিলতা, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, সামাজিক প্রতিরোধ আন্দোলনের অভাবসহ নানা কারণে অভিযুক্ত ব্যক্তিরা রেহাই পেয়ে যায়।সমাবেশে বক্তারা ধর্ষক ও নারী নির্যাতনকারীদের রাজনৈতিকভাবে আশ্রয় না দেওয়ার আহ্বান জানান।