ধর্ষকদের বিচারে সরকারকে সক্রিয় হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লোকজনের দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, ধর্ষকদের আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের জন্য সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি। অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ। আর মেনে নিতে পারছি না।’ নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি দিল মনোয়ারা মনু বলেন, ‘বিচার নিরপেক্ষ না হলে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব না হলে, ধর্ষণের মতো অপরাধ দূর করা সম্ভব না।’
সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা বলেন, ‘আমরা মা দিবস উদ্যাপন করতে পারছি না। মা ও মায়ের সন্তানকে ধর্ষণ করা হচ্ছে। যারা ধর্ষক, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তারা কীভাবে ধর্ষণ করে?’ সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য শান্তা মারিয়া বলেন, ‘সংবিধানে কি লেখা আছে নারীরা রাতে হোটেলে যেতে পারবে না? কোথাও তো লেখা নেই, নারীরা বাইরে বের হলে তাকে ধর্ষণ করতে হবে।’
মানববন্ধনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং কয়েকজন পুরুষ সাংবাদিক সংহতি প্রকাশ করেন।