ধর্ষকদের সামাজিক প্রত্যাখ্যানের ডাক
ধর্ষণকারীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রত্যাখ্যানের ডাক দিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই প্ল্যাটফর্মটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম স্বাক্ষরিত বিবৃতিতে দেশে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ জানানো হয়। ধর্ষকদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধেরও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের একটি জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়, ২০১৪ সালের প্রথম ছয় মাসে দেশে ৩০৪টি ধর্ষণ, ৮২টি গণধর্ষণ, ১২৭টি যৌতুকজনিত হত্যা, ৯০টি যৌতুকজনিত নির্যাতন, ৮০টি আত্মহত্যা ও ১৫টি ফতোয়ার ঘটনা ঘটেছে। এতে বলা হয়, সামাজিক প্রতিরোধ কমিটি লক্ষ করছে যে এসব ঘটনায় জড়িত অপরাধীরা নির্বিঘ্নে দাপটের সঙ্গে সমাজে চলাফেরা করছে। আর যাঁরা নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্ষণসহ সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। বিজ্ঞপ্তি।