
রাজধানীতে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় আলোচকেরা বলেছেন, ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৫৫ ধারার ৪ উপধারার ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণ করা হচ্ছে। এতে ধর্ষণের শিকার নারীর চরিত্র এবং অতীত ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা যায়। আসামিপক্ষের আইনজীবী ধর্ষণের শিকার নারীর নৈতিক চরিত্র হরণ করে যেসব প্রশ্ন করেন, তা আরেকবার ধর্ষণের শামিল। তাই আইনের এই উপধারা বাতিল করতে হবে।
আজ রোববার ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত পরামর্শ সভায় আলোচকেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, এই উপধারা বাতিলের পক্ষে বহুবার মতামত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতিসহ আইন–সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি বাতিলের সুপারিশও করেছেন। এখন পর্যন্ত এ ধরনের উপধারা কীভাবে বহাল থাকে, তা–ই সবার কাছে বড় প্রশ্ন।
‘বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে চারিত্রিক সাক্ষ্যের ব্যবহার’ বিষয়ক এই পরামর্শ সভায় অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারপতিসহ আইন–সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন সংগঠনের মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নেতৃত্বে বিডব্লিউএইচসি, মেরী স্টোপস এবং আমরাই পারি জোটের মাধ্যমে বাস্তবায়িত সখী প্রকল্পের অধীনে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি নিজামুল হক বলেন, ধর্ষকের চরিত্র কেমন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় না। কিন্তু ধর্ষণের শিকার নারীর চরিত্র জানার জন্য প্রশ্ন করা হয়। তাই এ ধরনের ধারা ও উপধারা বাতিল করতে হবে। অবশ্য তিনি বলেছেন, বিদ্যমান আইন ও বিধির মধ্যে থেকেও যেকোনো ধরনের হয়রানি থেকে নারীকে উদ্ধার করার দায়িত্ব আদালত এবং বিচারকের। আইনজীবী পরিশীলিত প্রশ্ন না করলে তা নিয়ন্ত্রণ করতে পারেন বিচারক। তিনি বলেন, ‘১৫ থেকে ১৭ বছর আগে যখন আইনজীবী ছিলাম, তখন আমরাও বলতাম মেডিকেল প্রতিবেদনে ধর্ষণ প্রমাণিত না হলে মামলা টেকে না। কিন্তু মেডিকেল প্রতিবেদনে ধর্ষণের কথা নেই, এ ধরনের অনেক মামলায় বিচারক যথাযথ সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি দিয়েছেন। আদালত একজনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে আসামিকে ফাঁসির সাজাও দিতে পারেন।’
এ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, দেড় শ বছরের আইনি প্রক্রিয়ায় এখন পর্যন্ত ধর্ষণের শিকার নারীকে ধর্ষণের ঘটনা প্রমাণের সময় আবারও প্রায় ধর্ষণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ধর্ষকের ধর্ষণ করার ইতিহাস আছে কি না বা প্রবণতা নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু তা হচ্ছে না। সম্প্রতি উচ্চ স্তরের একজন আইনজীবীও এক টকশোতে বলেছেন, ধর্ষণ কখনো একতরফা হয় না। ধর্ষণের শিকার নারীর বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গির বদল ঘটতে হবে।
আলোচনায় ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন সাক্ষ্য আইনের ১৫৫ ধারার ৪ উপধারার কথা উল্লেখ করে বলেন, ধর্ষণের ক্ষেত্রে যিনি অভিযোগকারী, তার চরিত্র নিয়েই প্রশ্ন তোলা যাচ্ছে। অন্য কোনো আইনে এ ধরনের কোনো নজির নেই।
পরামর্শ সভায় ব্লাস্টের সমন্বয়কারী (গবেষণা ও ডকুমেন্টেশন) নাওমী নাজ চৌধুরী ২০০০ সাল থেকে ২০১০ সালে বিভিন্ন ধর্ষণ মামলার রায় পর্যালোচনা করে তৈরি করা প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। বিভিন্ন মামলার রায়ে ধর্ষণের শিকার মেয়েটি যৌনকাজে ‘অভ্যস্ত’, ‘চঞ্চল’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণ প্রমাণের জন্য সাক্ষ্য আইনের এ ধরনের ধারা বাতিল করা হয়েছে।
আলোচনায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারক লুৎফা বেগম বলেন, ১৫৫ ধারার ৪ উপধারা ধর্ষকের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করছে। এটা নিষ্ঠুরতা। মেয়েটি যদি খারাপও হয়, তারপরও তাকে ধর্ষণ করার অধিকার কারও নেই। যৌনকর্মীর সম্মতি না নিয়ে যৌনকাজ করলে তা–ও ধর্ষণ। তিনি আরও বলেন, ধর্ষণের শিকার নারীকেই সব ধরনের পরীক্ষা দিতে হচ্ছে। ধর্ষককেও এ ধরনের পরীক্ষার আওতায় আনতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমানী ১৬ বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ১৫৫ ধারার ৪ উপধারার অধীনে একেকজন আইনজীবী এত বিশ্রীভাবে প্রশ্ন করেন যে তাঁরা ভুলে যান তাঁদেরও মা-বোন আছেন। চারিত্রিক বিষয়ে একেক বিচারক একেকভাবে সিদ্ধান্ত নেবেন। তাই এ ধারাটি সাংঘাতিকভাবে বাজে। ধর্ষণ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রসঙ্গে তিনি বলেন, ধর্ষণের শিকার নারীর কোনো লজ্জা নেই, লজ্জা ধর্ষকের—এটি প্রতিষ্ঠিত করতে হবে।
পরামর্শ সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক দিনা এম সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতেমা সুলতানা এবং ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিশেষ সরকারি কৌঁসুলি আলী আসগর স্বপন আলোচনায় অংশ নেন।