ধর্ষকের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির দুজন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
গতকাল সকাল ১০টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ীর বালাহাট বাজার এলাকায় আসেন। সেখানে ফুলবাড়ী-বালারহাট সড়কে এক ঘণ্টা মানববন্ধন শেষে সমাবেশ হয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে বক্তব্য দেন বালারহাট আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, শিক্ষক হানিফ সরকার, বালারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী, বালারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুসাব্বের আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গফুর, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাছেন আলী প্রমুখ।
সমাবেশে জানানো হয়, ১১ এপ্রিল সকালে বিদ্যালয়ে আসার পথে বালাটারী এলাকার এক ব্যক্তি (২৮) ওই ছাত্রীকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির চিৎকারে আশপাশের কয়েকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা শহরে শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়। এতে চাঁদকুঠীরডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বক্তব্য দেন ওই ছাত্রীর মা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতান আহমেদ ও দুজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে।
বদরগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোর করে বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৩ মার্চ ওই ঘটনায় মামলা হয়। পুলিশ ওই দিন রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।