ধর্ষকের শাস্তির দাবিতে সমাবেশ স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় স্কুলছাত্রী সংগীতা মণ্ডলকে ধর্ষণ এবং তার আত্মহত্যায় প্ররোচনাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্মারকলিপি দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।উপজেলার সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী সংগীতা গত বুধবার সন্ধ্যায় শিক্ষকের কাছে পড়াশোনা করে বাড়ি ফেরার পথে প্রতিবেশী লিউটন মণ্ডল (২৫) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এর বিচার না পেয়ে মেয়েটি বৃহস্পতিবার আত্মহত্যা করে।এ ঘটনায় গত শুক্রবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘অভয়নগরে ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। লিউটনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেন। ইউএনও বিশ্বাস রাসেল হোসেন সঞ্চারকলিপি গ্রহণ করে বলেন, ‘অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’বিকেলে উপজেলার সুন্দলী বাজারে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সুন্দলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চিন্ময় মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন অধীর কুমার পাঁড়ে, নৃপেন্দ্রনাথ মল্লিক, বিকাশ চন্দ্র মল্লিক, চৈতন্য কুমার মণ্ডল প্রমুখ। সংগীতার পরিবারকে সমবেদনা: গতকাল বিকেলে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শেখ আবদুল ওহাব এবং শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ মো. সুপার কামরুল আহসান ও অভয়নগরের ইউএনও সংগীতার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে সংগীতার বাবা কার্তিক মণ্ডলের সঙ্গে কথা বলেন। তাঁকে সহমর্মিতা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা ধৈর্য হারাবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ শিক্ষামন্ত্রী এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সংগীতাকে ধর্ষণ ও আত্মহত্যা-পরবর্তী ঘটনাপ্রবাহ এবং গৃহীত ব্যবস্থাবলি সরকারকে জানাতে গতকাল প্রতিবেদন দেওয়া হয়েছে।