ধর্ষকের সঙ্গেই বিয়ে হলো সাড়ে ছয় বছরের শিশুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শেষ পর্যন্ত ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সাড়ে ছয় বছরের এক শিশুকে। উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ঠিকাদার মনির উদ্দিন আহম্মদের কার্যালয়ে গত শনিবার রাতে ওই বিয়ে সম্পন্ন হয়। তিন লাখ টাকা দেনমোহর ও ধর্ষণের শিকার শিশুটির নামে এক শতক জমি লিখে দেওয়ার শর্তে এই বিয়ে হয়। বিয়ে পড়ান স্থানীয় হাটখোলা জামে মসজিদের ইমাম ও রাহমাতুলিল আলামিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আমান উল্লাহ। স্থানীয় কাজি ও সুহিলপুর আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার এটি নিবন্ধন করেন।এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের সাওয়াল বেপারীর ছেলে খায়রুল (১৬) প্রতিবেশী ওই শিশুকে ধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা মামলা করেন। মামলার পর এলাকার প্রভাবশালী ব্যক্তিরা শিশুটির পরিবারকে বিষয়টি নিষ্পত্তির জন্য চাপ দিতে থাকেন। শিশুটির বাবা জানান, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ ছেলের পরিবার বহন করবে। এখন মেয়েকে ছেলের বাড়িতে পাঠানো হবে না।মাওলানা আমান উল্লাহ বলেন, তাঁর ভুল হয়েছে। মনির উদ্দিনের অনুরোধে তিনি বিয়ে পড়িয়েছেন।কাজি মাওলানা আনোয়ার হোসেন বলেন, একটি সামাজিক সমস্যা সমাধানের জন্য তিনি বিয়েটি নিবন্ধন করেছেন। মনির উদ্দিন বলেন, দুই পক্ষ রাজি হয়ে তাঁর কার্যালয়টি ব্যবহার করেছে। বিয়েতে কাউকে চাপ প্রয়োগ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিয়ের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিয়ে হোক বা না হোক, মামলা চলবে আইনের গতিতে।