ধর্ষকের ৬০ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক আসামিকে ৬০ বছর এবং অন্যজনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। আদালত অপহরণ ও ধর্ষণের দায়ে নাজিম উদ্দিনকে (৩২) ৬০ বছরের কারাদণ্ড এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে রফিক উদ্দিনকে (৩২) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এই মামলার অপর আসামি শফিকুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি চন্দন তালুকদার বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাজিম জামিন নিয়ে এখন পলাতক আছেন। রফিক ঘটনার পর থেকেই পলাতক।’ আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৭ এপ্রিল রাতে বাঁশখালী থানার পূর্ব চাম্বল এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নিজ বাড়ি থেকে অপহরণ করেন নাজিম ও রফিক। পরে ওই ছাত্রীর বাড়ির পূর্ব দিকে পাহাড়ে নিয়ে ওই তাকে ধর্ষণ করা হয়।