ধর্ষণ, বিয়ে অতঃপর...
ধর্ষণের পর মামলা থেকে রক্ষা পেতে মেয়েটিকে বিয়ে করেছিল বখাটে। মেয়েটিও সমাজ আর লোকলজ্জার ভয়ে এ বিয়েতে সম্মত হয়েছিল। কিন্তু যৌতুকের জন্য তাঁর জীবনে নির্যাতন নেমে আসবে, ভাবতেও পারেননি। এখন ওই বখাটে শুধু নির্যাতন করেই রেহাই দেয়নি মেয়েটিকে। বাড়ি থেকে বের করে দিয়ে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। পাশাপাশি মামলা করেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামে।মেয়েটির পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, হস্তিশুণ্ড গ্রামের এক ব্যক্তির কিশোরী মেয়েকে একই গ্রামের মো. সালাউদ্দিন তালুকদার (২৫) ২০০৫ সালে ১০ জুন সন্ধ্যায় ধর্ষণ করে। পরের দিন উজিরপুর থানা পুলিশ মামলা না নেওয়ায় ওই মেয়ের বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন। ১১ নভেম্বর সালাউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই রকিবুজ্জামান ২০০৫ সালের ২২ ডিসেম্বর সালাউদ্দিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মেয়েটির বাবা জানান, ধর্ষক সালাউদ্দিন দুই বছর কারাভোগের পর মামলা থেকে রক্ষা পেতে অভিভাবকদের দিয়ে তাঁর কন্যাকে বিয়ের প্রস্তাব দেয়। ২০০৮ সালের ১২ মার্চ তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করে জেল থেকে বের হয়। মেয়েটির অভিযোগ, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য ১৪ ডিসেম্বর সালাউদ্দিন তাঁর ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় তাঁর বাবা গ্রামের মাতুব্বরের কাছে নালিশ দিলে গত ১৭ ডিসেম্বর সালাউদ্দিনের বাড়িতে সালিস বসে। এতে সালাউদ্দিন সন্ত্রাসী নিয়ে তাঁর পরিবারকে ভয়ভীতি দেখানোসহ জীবননাশের হুমকি দিচ্ছে। গত বৃহস্পতিবার ওই মেয়ের বাবা জানান, সালাউদ্দিন তাঁদের ছয়জনকে আসামি করে বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। সালাউদ্দিনের বড় ভাই মো. মহসিন বলেন, এসব অভিযোগের সত্যতা নেই। মেয়েটির পরিবারকে হুমকি দেয়া প্রসংগে উজিরপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’