ধর্ষণ ও অপহরণের দায়ে ৪৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) বাড়ি থেকে অপহরণ ও ধর্ষণের দায়ে পৃথক দুটি ধারায় এক তরুণের ৪৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আট মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব উল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া তরুণের নাম মো. আলমগীর হোসেন (২২)। তিনি আটোয়ারী উপজেলার রাধানগর (দিঘিপাড়) গ্রামের ইউসুফ আলীর ছেলে। রায় শুনে আসামি কাঠগড়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বাভাবিক হলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলার অপর পলাতক আসামি মো. খায়রুল বাশারের (২২) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামি মো. আলমগীর হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ৯(১) ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথকভাবে সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মো. আলমগীর হোসেনসহ আরও কয়েকজন মিলে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সকালে আটোয়ারী উপজেলা সদরের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরের দিন মেয়ের বাবা বাদী হয়ে মো. আলমগীর হোসেন (২২), মো. রেজাউল করিম (৩৫), আবদুর রাজ্জাক (২৮) ও ইউসুফ আলীর নামে আটোয়ারী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।