অগ্নিদগ্ধ হয়ে ময়মনসিংহের গৌরীপুর থানার কনস্টেবল হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় একই থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। গত সোমবার রাতে ওই থানাতেই হালিমার বাবা মামলাটি করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই মামলায় মিজানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত রোববার দুপুরে নিজের কর্মস্থল গৌরীপুর থানা-পুলিশের ব্যারাকে অগ্নিদগ্ধ হন হালিমা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান তিনি। পরদিন সোমবার মিজানুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়। ওই দিন রাতে হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ বাদী হয়ে মিজানুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
হেলাল উদ্দিন আকন্দ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হালিমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় মিজানুলের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার বিষয়টি পরিবার ও পুলিশকে জানিয়েছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় হালিমার কথাগুলো খুব অস্পষ্ট হলেও ওই রকম ইঙ্গিত (মিজানুলের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার) ছিল। হালিমার পরিবার হয়তো কথাগুলো আরও স্পষ্টভাবে শুনেছে। কাজেই পরিবার যেভাবে অভিযোগ করেছে, সেভাবেই মামলা নেওয়া হয়েছে। ’