ধর্ষণ ও ছেলে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সন্তান হত্যার অভিযোগে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানির সিবিএর এক নেতার বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। মামলায় হত্যায় সহযোগিতা ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সিবিএর আরেক নেতার বিরুদ্ধে।
গতকাল রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন যমুনা অয়েলের সিবিএর সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব।
মামলার বাদী বলেন, চাকরির জন্য তিনি ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় মোহাম্মদ ইয়াকুবের বাসায় যান। ওই সময় তাঁকে ধর্ষণ করেন ইয়াকুব। পরে তাঁকে চাকরির জন্য সেলিমের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি সেলিমের সঙ্গে যোগাযোগ করলে সেলিম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপর তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত বছরের ২৩ নভেম্বর সেলিম তাঁকে বিয়ে করেন। গত ২০ মে তিনি নগরের একটি হাসপাতালে সুস্থ ছেলেসন্তান প্রসব করেন। পরে আসামিরা তাঁর ছেলেকে হত্যা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত অবস্থায় ভর্তি করেন।
ওই নারী বলেন, ‘পেটের বাচ্চা নষ্ট করতে সেলিম আমাকে বারবার চাপ দিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার কথা বলে আমার সন্তানকে হত্যা করা হয়েছে।’
বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সম্পর্কে মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘মামলার বাদী আমার স্ত্রী। বন্ধুত্ব থেকে তার সঙ্গে আমার গভীর সম্পর্ক সৃষ্টি হয়। পরে সে অন্তঃসত্ত্বা হলে আমি তাকে বিয়ে করি।’ তিনি বলেন, শিশু হত্যার অভিযোগ সত্য নয়।
মোহাম্মদ এয়াকুব বলেন, ‘বাদীকে আমি চিনি না।’ তবে মোহাম্মদ সেলিম বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে ইয়াকুবেরও বন্ধুত্ব ছিল।’