ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ‘সব অর্জন ম্লান করে দিচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারীর  প্রতি সহিংসতা ও ধর্ষণ: মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ে রোববার ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ‘সবার শীর্ষে’। কিন্তু ধর্ষণ ও নারী নির্যাতনের নানা ঘটনা সব অর্জন ম্লান করে দিচ্ছে। সরকার ও মানবাধিকার কমিশনের একার প‌ক্ষেÿনারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ।

রোববার ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো/ সম-অধিকার নিশ্চিত করো’ স্লোগান নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে অনলাইনে ‘নারীর  প্রতি সহিংসতা ও ধর্ষণ: মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাছিমা বেগম এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সহিংসতা বন্ধ করতে প্রয়োজন সরকারি-বেসরকারি সংগঠনের স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান বলেন, করোনাকালে নারীর প্রতি সহিংসতা আরও বেড়েছে। নারীকে সামাজিক ও রাজনৈতিকভাবে অবমাননা করা হচ্ছে। উচ্চপদে থাকলেও নারীদের তুচ্ছ ভাবা হচ্ছে। যদিও বাংলাদেশ বৈশ্বিক লিঙ্গসূচক, মানবাধিকার ইত্যাদি সূচকে এগিয়ে আছে, তবু নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

সভায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সংবিধানে সবার মানবাধিকারের কথা বলা হয়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরি।

আলোচনায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আহমেদ চৌধুরী, বাংলদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম প্রমুখ অংশ নেন। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী দীপ্তি সিকদার।