ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক–শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ বলেন, ধর্ষণের ঘটনার পর অপরাধীরা চিহ্নিত হয় ঠিকই। তবে অপরাধীরা ক্ষমতাবান হওয়ায় পার পেয়ে যায়। এটি বিচারহীনতার সংস্কৃতির একটি অংশ। সরকারকে অবশ্যই অপরাধীদের শাস্তি দিতে হবে।
অধ্যাপক রাহমান নাসির উদ্দিন বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারায় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে অনেকে।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্বাসের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের শিক্ষক সজীব কুমার সেন, ফলিত রসায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন গাঙ্গুলী, দর্শন বিভাগের শিক্ষক মাসুম আহমেদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজী প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রহমান শোয়েব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রুপন চাকমা প্রমুখ।