ধর্ষণ ও বিয়ে মামলার সেই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) জিম্মি করে ধর্ষণ ও বিয়ে করার মামলায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই আসলাম হোসেন বলেন, মঙ্গলবার রাতে মো. মনিরুজ্জামান গোপনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে হেঁটে বাড়ি যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি রিমান্ড চেয়ে গতকাল বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর ‘ছাত্রীকে জিম্মি করে ধর্ষণ ও বিয়ে’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
মামলার বাদী ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। আসামি মো. মনিরুজ্জামান ওই ছাত্রীর সম্পর্কে খালু।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর এটি ২৬ অক্টোবর থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে।