ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে প্রচারের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক শহীদুল্লাহ বাকাউল গতকাল সোমবার এ রায় দেন। দণ্ড পাওয়া যুবকেরা হলেন, ফরিদপুর সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের কালাম খান (২২) ও লোহারটেক গ্রামের তুষার শেখ (২৩)। রায় ঘোষণার সময় আসামিদ্বয় আদালতে হাজির ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ জুলাই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আলমনগর হেলিপোর্ট এলাকায় ১৪ বছরের এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়। তিন যুবক তাকে ধর্ষণ করে এবং এক যুবক তা মুঠোফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সিডি করে বাজারে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কালাম খান ও তুষার শেখের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে ওই বছরের ১১ আগস্ট চরভদ্রাসন থানায় মামলা করে ওই ছাত্রী। এই মামলায় আইন ও সালিশ কেন্দ্র এবং ব্র্যাকের লিগ্যাল এইড ফরিদপুরের মহিলা উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন আইন ও মানবাধিকার সংস্থা সহায়তা করে। ওই স্কুলছাত্রী বর্তমানে ঢাকায় ব্র্যাক এবং আইন ও সালিশ কেন্দ্র পরিচালিত সেফ হোমে আছে।