ধর্ষণ ও ভিডিওচিত্র প্রকাশের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
ছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণ করে তা প্রকাশ করার দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আবদুল লতিফকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক কবিতা খানম এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২২ মার্চ আবদুল লতিফের বাড়িতে প্রাইভেট পড়তে আসে তাঁর এক ছাত্রী। আবদুল লতিফ ওই ছাত্রীকে অচেতন করার রাসায়নিক দ্রব্যমিশ্রিত শরবত পান করান। পরে অচেতন হয়ে পড়লে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং এর ভিডিওচিত্র ধারণ করেন। পরে ভিডিওটি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে আবদুল লতিফ তাকে বহুবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী রাজি না হলে আবদুল লতিফ ভিডিওটি এলাকায় মুঠোফোনের মাধ্যমে প্রচার করেন। এ ঘটনায় ২০১০ সালে ৩ অক্টোবর ওই ছাত্রী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।