ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অপহরণের পর পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত ও প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গত সোমবার তিন বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।সখীপুর থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার রতনপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়ের দাদি গত শনিবার সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রোববার অপহরণকারীরা মেয়েটিকে মির্জাপুর উপজেলার কাইতলা বাজারে বৈশাখী মেলায় রেখে পালিয়ে যায়। ওই দিনই সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণ করার অভিযোগে মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতে উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে মোতালেব ও আল-আমিন নামের দুই কিশোরকে গ্রেপ্তার করে।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আলামত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সরাইল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে তিন মাস ধরে মাইল্লা ও সালমান নামের দুই ব্যক্তি উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে ওই ছাত্রীর অভিভাবকেরা বিষয়টি মাইল্লার পরিবারকে জানান। এতে মাইল্লা ও সালমান ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারে। পরে সালিস-বৈঠকে ওই দুজনকে জুটাপেটা করা হয়। সন্ধ্যায় তারা ওই ছাত্রীকে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। রাতেই পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে।এদিকে শনিবার সন্ধ্যায় উপজেলার বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন বাড়ির উঠানে এক সহপাঠীর সঙ্গে প্রথম শ্রেণীর এক ছাত্রী খেলা করছিল। এ সময় প্রতিবেশী সাব্বির শিশুটিকে ধরে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটির চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে এলে সাব্বির পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ সাব্বিরকে গ্রেপ্তার করে।