ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে চট্টগ্রামে আবদুর রহিম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আবদুর রহিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামের গোলাম সোবহানের ছেলে। নিহত গৃহবধূ নুরুন্নাহারের বাবার বাড়ি একই গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, আবদুর রহিম নিহত গৃহবধূর পূর্বপরিচিত। বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর ১৯৯৯ সালের ২৪ মার্চ নুরুন্নাহারকে ধর্ষণ করে আবদুর রহিম। এরপর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যার পরদিন নুরুন্নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই বাঁশখালী থানায় মামলা করেন নিহতে গৃহবধূর মা সুফিয়া বেগম। ওই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০১ সালের ২৫ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার প্রথম আলোকে বলেন, মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বর্তমানে আসামি পলাতক।