ধর্ষণ ও হত্যার দায়ে তরুণের মৃত্যুদণ্ড
শিশু ধর্ষণ ও হত্যার অপরাধে সিরাজগঞ্জে এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা গতকাল বুধবার সকালে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামি শাহেদুল ইসলাম (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুরমুছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে শাহেদুল একই গ্রামের আবদুল মমিনের মেয়ে মহুয়া খাতুনকে (৮) প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বাড়ির পাশে একটি ধানখেতে ধর্ষণ করার পর শ্বসরোধে হত্যা করে। এ ঘটনার পরদিন শিশুটির মা জেবুনেচ্ছা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় শাহেদুলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শাহেদুলকে দোষী সাব্যস্ত করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে শাহেদুলের মৃত্যদণ্ডের এ রায় ঘোষণা করেন।