ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ধর্ষণ মামলায় মো. লাভলু (৩৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত লাভলু যশোর সদর উপজেলার অ্যাড়েন্দা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ সন্ধ্যায় আট বছরের শিশু সাবিনা খাতুনকে মিষ্টি কিনে দেওয়ার কথা বলে আনোয়ার হোসেনের পটলখেতে নিয়ে যান লাভলু। সেখানে লাভলু ও আনোয়ার সাবিনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরের দিন নিহত সাবিনার বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে দুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। মামলার সাক্ষ্য গ্রহণকালে আসামি আনোয়ার হোসেনের মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) ইদ্রিস আলী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি লাভলুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা করেছেন। লাভলু বর্তমানে কারাগারে আছেন।