চোখের সামনে শিশুটির মাকে দুই ব্যক্তি ধর্ষণ করেন। পরে মাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই বীভৎস দৃশ্য সহ্য করতে না পেরে চার বছরের শিশু চিৎকার দেয়। এ কারণে শিশুটিকেও জীবন দিতে হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে মা ও শিশুর লাশ মাটিতে পুঁতে ফেলা হয়।নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দড়িগাঁও বটতলা এলাকায় মেঘনা নদীর তীরে মা ও শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. বাবুল হোসেন গতকাল সোমবার আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল তাঁকে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম মো. শরিফুর রহমানের আদালতে হাজির করা হয়।এদিকে লাশ উদ্ধারের তিন দিন পরও এই হতভাগ্য মা ও শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে বাবুল হোসেন (৩৪) আদালতকে জানান, ১ মার্চ সকালে উপজেলার উচিতপুরা বাজারে একটি রেস্তোরাঁয় চার বছরের শিশুকে কোলে নিয়ে ওই নারী (২৩) আর্থিক সাহায্য চান। বাবুল নিজে উদ্যোগী হয়ে এলাকার লোকজনের কাছ থেকে প্রায় এক হাজার টাকা তুলে ওই নারীর হাতে দেন। সাহায্য তুলতে তুলতে রাত নেমে এলে বাবুল ও তাঁর দুই সহযোগী ওই নারীকে মেঘনা নদীর তীরে নিয়ে যান। একপর্যায়ে সেখানে বাবুল ও কাশেম ওই নারীকে ধর্ষণ করেন। পরে গলায় কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়। এ দৃশ্য দেখে চার বছরের শিশু চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল মিয়া নামের বাবুলের আরেক সহযোগী শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তাঁরা তিনজনে মেঘনার তীরে মা ও শিশুর লাশ পুঁতে ফেলেন।গত শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয় ওই নারী ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই আড়াইহাজার থানায় মামলা করা হয়। জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে উচিতপুরা বাজার থেকে বাবুলকে গ্রেপ্তার করে। বাবুলের বাড়ি উপজেলার আগুয়ান্দি গ্রামে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কোথাও মা ও শিশু নিখোঁজ হয়ে থাকলে আড়াইহাজার থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।