ধর্ষণ ও হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে আজ সোমবার দুপুরে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডিত ব্যক্তিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার ছুট আইড়ামারী গ্রামের মো. জীবন ওরফে বাবু (২০), কালীগঞ্জ রহিম মৌলভীরটোলা গ্রামের মো. কেতাব (৩৫), ক্যাপড়াটোলা গ্রামের নুরুল ইসলাম (৩০), বিশ্বনাথপুর গ্রামের আলমগীর হোসেন (২২) ও কালীগঞ্জ ক্যাপড়াটোলা গ্রামের জেনারুল ইসলাম (২৭)।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি অতিরিক্ত কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মো. জীবন ও তাঁর সহযোগীরা বিশ্বনাথপুর গ্রামের রোজবুল হকের স্ত্রী মুনিরা বেগমকে (২২) শিবগঞ্জের ছুট আইড়ামারী গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরদিন দুপুরে মুনিরা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২২ এপ্রিল মুনিরা বেগমের মা সাতরশিয়া গ্রামের আইনাল হকের স্ত্রী সুলেখা বেগম (৪০) বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়।