ধর্ষণ ঠেকানোর চেষ্টা এক ব্যক্তি আহত বিপাকে গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শুভখিলা গ্রামে গত শনিবার রাতে ধর্ষণের চেষ্টাকালে এক ব্যক্তির গোপন অঙ্গে ব্লেড দিয়ে পোঁচ দেন এক গৃহবধূ। এখন উল্টো ওই গৃহবধূ বিপাকে পড়েছেন।গতকাল সোমবার গ্রামটিতে গেলে ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, তাঁর স্বামী এলাকায় রিকশা চালাতেন। সম্প্রতি তাঁর আয় তেমন ভালো হচ্ছিল না। এ কারণে তিনি দুই সপ্তাহ আগে ঢাকায় চলে যান। স্বামী চলে যাওয়ার পর পর পাশের বাড়ির এক ব্যক্তি তাঁর ঘরে ঢোকার চেষ্টা করেন। পরে ভয়ে রাতে তিনি ভাশুরের ছোট ছেলেকে নিয়ে ঘুমাতেন। শনিবার রাতে ওই ব্যক্তি গোপনে ঘরের ঝাঁপ খুলে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তিনি নিজের সম্ভ্রম বাঁচাতে ঘরে রাখা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপন অঙ্গে পোঁচ দেন। এরপর ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন। পরে তাঁকে এলাকাবাসী নিয়ে যায়।পাশের ঘরের বাসিন্দা আরেক গৃহবধূ বলেন, চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে লোকজন এসে জড়ো হয়। পরে ওই ব্যক্তিকে আহত অবস্থায় গৃহবধূর ঘর থেকে উদ্ধার করা হয়।আরেক প্রতিবেশী নারী জানান, ওই ব্যক্তি এর আগেও এলাকায় এ রকম ঘটনা ঘটিয়েছেন।গৃহবধূর স্বামী বলেন, ‘আমি গরিব মানুষ, আইন-কানুনের কিছুই বুঝি না।’ তিনি আরও জানান, ঘটনাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানিয়েছেন। চেয়ারম্যান তাঁকে থানায় যেতে বলেছেন। কিন্তু গ্রামের একটি প্রভাবশালী মহল তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করছে।ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী। তিনি দাবি করেন, ঘটনাটি ষড়যন্ত্র। তাঁকে ফাঁসানো হয়েছে। কারা তাঁকে ফাঁসিয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তাঁর স্ত্রী বলেন, তাঁর স্বামী নির্দোষ। নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুকুল মিয়া প্রথম আলোকে জানান, ওই গৃহবধূকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।