ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাবিকুন্নাহারের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধর্ষণ নয়, আঘাতজনিত কারণে যকৃতে ক্ষত হওয়ায় সাবিকুন্নাহারের মৃত্যু হয়েছে’। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদনটি গত ৭ মে থানায় পৌঁছালেও পুলিশ এত দিনে তা প্রকাশ করেনি।মামলার তদন্ত কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মীর মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনটি গত ৭ মে থানায় আসে। তবে তিনি ছুটিতে থাকায় সেটি এত দিন প্রকাশ করা যায়নি। প্রতিবেদনে কোনো ধর্ষণের কথা বলা হয়নি। ভোঁতা অস্ত্রের আঘাতজনিত কারণে যকৃতে ক্ষত হওয়ায় সাবিকুন্নাহারের মৃত্যুর কথা বলা হয়েছে। তবে এ মৃত্যুর সঙ্গে প্রকৃত জড়িতদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বি এম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, মিথ্যা অভিযোগে মামলা হলে আইনে বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।গত ১১ এপ্রিল সাবিকুন্নাহারের চাচা রফিকুল ইসলাম ধর্ষণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে উল্লেখ করে থানায় মামলা করেন। ওই দিন রাতেই প্রধান আসামি দয়াল পালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, সৈয়দ রাসেল হোসেন, সোহরাব হোসেন ও দেলোয়ার হোসেন। তাঁরা সবাই এখন জেলহাজতে।