ধর্ষণ পরীক্ষার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারীর ক্ষেত্রে হাতের দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষার পরিবর্তে একটি নীতিমালা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুল দেন। হাইকোর্ট এজন্য একটি কমিটি গঠন করতে বলেছেন। কমিটিকে তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

রুলে হাতের আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষা করার পদ্ধতিকে কেন অবৈধ ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষাপদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে ৮ অক্টোবর আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ ও দুই চিকিত্সক রিট আবেদনটি করেন। এতে দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষার পদ্ধতিকে সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২ ও ৩৫(৫) ও সাক্ষ্য আইনের ১৫৫ ধারার পরিপন্থী দাবি করা হয়।