ধর্ষণ মামলা করে বিপাকে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদীয়া গ্রামের মিন্টু সরদারের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের মামলা করে বিপাকে পড়েছে এক কিশোরীর পরিবার। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জুন সকাল সাড়ে নয়টায় এক কিশোরী বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যায়। অভিযোগ রয়েছে, ডাঙ্গামহিষদীয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মিন্টু সরদার সকাল সাড়ে ১০টার দিকে তাকে একা পেয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে মিন্টু তাকে একটি মাছের ঘেরের পাশে ফেলে রেখে চলে যান। কয়েকজন দিনমজুর কিশোরীকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাই নারী ও শিশুনির্যাতন দমন আইনে মিন্টু সরদারের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, ‘ আসামি মিন্টু এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। তার ওপর মিন্টু প্রতিনিয়ত লোকজন নিয়ে মামলা প্রত্যাহারের জন্য আমাকে হুমকি দিচ্ছে।’ তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার শামীম আহমেদ বলেন, ইতিমধ্যে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে বিচারিক হাকিম আদালতে তার জবানবন্দী গ্রহণ করা হয়েছে। থানার ওসি ছয়রুদ্দীন আহম্মদ বলেন, মিন্টুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।