ধর্ষণ মামলা তুলে নিতে কলেজছাত্রীকে হুমকি!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার এক মাস পরও আসামি গ্রেপ্তার হয়নি। মামলা তুলে নিতে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি উপজেলার সাতমোড়া ইউনিয়নে। সে (১৭) ঢাকায় থেকে মিরপুরে একটি বেসরকারি কলেজে পড়াশোনা করে। একই ইউনিয়নের পদ্মনগর গ্রামের সাত্তার মিয়া (২৮) তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। ফেব্রুয়ারি মাসে ওই ছাত্রী গ্রামের বাড়ি যায়। ১৬ ফেব্রুয়ারি রাতে সে ঘরে একা ছিল। ওই রাতে সাত্তার ঘরে ঢুকে তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। এ ঘটনার দুই দিন পর ওই ছাত্রী বাদী হয়ে নবীনগর থানায় সাত্তারের বিরুদ্ধে মামলা করে। গতকাল মুঠোফোনে প্রথম আলোকে ওই ছাত্রী বলে, ‘১০ বছর আগে বাবা মারা গেছেন। আমরা গরিব। সাত্তার মুঠোফোনে বারবার আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।’নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, ‘এ ঘটনা দুঃখজনক। স্থানীয় সাতমোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছিলেন। এ জন্য মেয়েটি মামলা করতে দুই দিন দেরি করে।’সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু সম্ভব হয়নি।’ নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা কামাল আব্বাস বলেন, ‘ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমরা ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছি। কিন্তু তিনি পলাতক। শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’