ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কাউনিয়া উপজেলায় ধর্ষণ মামলার আসামি যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে সংগঠনের নেতা-কর্মীরা গত শুক্রবার রাতে থানা ঘেরাও শেষে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গাইবান্ধার সদর উপজেলার এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউসুফ আলীকে ছাড়িয়ে নিতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী রাত ১১টার দিকে কাউনিয়া থানা ঘেরাও করেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে থানা ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে দেন। পরে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেনে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান। তিনি বলেন, ‘ইউসুফ আলীকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সেটা জানতে দলের কিছু লোক থানায় গিয়েছিল। থানা ঘেরাও বা ভাঙচুর করা হয়নি।’ওসি কৃষ্ণ কুমার জানান, অপহরণের পর ধর্ষণের অভিযোগে গাইবান্ধা জেলার সদর উপজেলার এক তরুণী গত ৩১ মে কাউনিয়া থানায় মামলা করেন। ওই মামলায় কাউনিয়া উপজেলা যুবলীগের সদস্য বুলেট মিয়াকে আসামি করা হয়। পরে আদালতে জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ইউসুফ আলীসহ কয়েকজনের নাম বলেন বুলেট মিয়া। জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রহণ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।