ধর্ষণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা আ.লীগ নেতার!
মিরসরাইয়ে ধর্ষণ মামলার এক আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগীরা চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এ চেষ্টা হয়। পরে পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতা মো. সোনা মিয়ার নাম উল্লেখ করে থানায় ডায়েরি করে। সোনা মিয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর মা গত শনিবার উপজেলার হিংগুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের ইকবাল হোসেনকে (১৯) আসামি করে মামলা করেন। পুলিশ শনিবার রাতেই ইকবালকে গ্রেপ্তার করে। আসামি নিয়ে বারইয়ারহাট পৌর বাজারে পৌঁছালে আওয়ামী লীগের নেতা সোনা ও তাঁর সহযোগীরা পুলিশকে ঘেরাও করেন। এ সময় অভিযানে যাওয়া মিরসরাই থানার উপপরিদর্শক মাহবুব মিল্কি ধর্ষণ মামলার আসামি ইকবালকে নিয়ে যাচ্ছেন বলে আওয়ামী লীগের নেতাকে জানান। কিন্তু তাঁরা সে কথায় কর্ণপাত না করে ইকবালকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। খবর পেয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তাঁকে দেখে আওয়ামী লীগের নেতা ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি মুঠোফোনে আওয়ামী লীগের অন্য নেতাদের জানালে তাঁরা সোনা মিয়াকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এর পরই কেবল পুলিশ আসামিকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। ওই রাতেই উপপরিদর্শক মাহবুব পুলিশের কাজে বাধা দেওয়ায় সোনা মিয়ার নামে সাধারণ ডায়েরি করেন। উপপরিদর্শক মাহবুব ও সহকারী উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোনা মিয়ার আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, সেটা মুখে বলার নয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার জানান, মেয়েটিকে নিয়ে তার মা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে গেলে সেখানকার স্টপ সার্ভিস থেকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে সার্টিফিকেট দেয়। পরে মেয়েটির মা মামলা করলে পুলিশ ইকবালকে ধরতে যায়। কিন্তু সেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতারা যা করেছেন, তা অনাকাঙ্ক্ষিত।এদিকে সোনা মিয়া পুলিশের কাজে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা বা পুলিশের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতেই তিনি ইকবালকে থানায় না নিতে পুলিশকে অনুরোধ করেন।ধর্ষণের শিকার কিশোরী জানায়, সে মেহেদীনগর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ১৯ এপ্রিল সন্ধ্যায় ঘর থেকে বের হলে পাশের বাড়িতে ভাড়া থাকা ইকবাল তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যান। এরপর মুখ বেঁধে তাকে ধর্ষণ করে তালা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় সে মুখের বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. বেলায়েত হোসেনকে খবর দেন। পরে তাঁর উপস্থিতিতে স্বজনেরা মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত ইকবাল গতকাল থানায় বসে ধর্ষণের অভিযোগ স্বীকার করেন এবং ওই কিশোরীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন।