ধর্ষণ মামলার আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে করা একটি মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটচান্দিনা গ্রামের মো. নয়ন নামের এক আসামিকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেন। পাশাপাশি ওই মামলায় নয়নকে পুলিশের কাছে হস্তান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হারুনুর রশীদ। পরে ফজলুর রহমান খান প্রথম আলোকে বলেন, জামিন আবেদনের শুনানির সময় আদালত দেখেন নয়ন ধর্ষণ মামলার আসামি। পরে তাঁর আবেদন খারিজ করে আদালত তাঁকে পুলিশে তুলে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। পরে আদালতে দায়িত্বরত পুলিশের হাতে নয়নকে তুলে দেওয়া হয়।
আদালত সূত্র বলেছে, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গত ২৭ জুলাই দাউদকান্দি থানায় মামলাটি করা হয়। মামলাটি কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন। এই মামলায় হাইকোর্টে হাজির হয়ে নয়ন আগাম জামিনের আবেদন করেন।