ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মুকুল হোসেন (১৮) বাগেরহাটে আত্মগোপন করে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট থানার পুলিশের সহযোগিতায় নীলফামারী সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নীলফামারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মুকুলকে গ্রেপ্তারের জন্য গতকাল ওই থানার পুলিশের সদস্যরা বাগেরহাট আসেন। পরে বাগেরহাট পুলিশের সহযোগিতায় তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে শহরের খারদ্বার এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মুকুলকে গ্রেপ্তার করেন।ওই মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গত ১১ জানুয়ারি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে একটি বিয়েবাড়ি থেকে মুকুল ও আবু সাঈদ ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করেন। পরের দিন ধর্ষণের শিকার শিশুটির চাচাতো ভাই আশিকুর রহমান বাদী হয়ে ওই দুই তরুণকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা করেন। মুঠোফোনের সূত্র ধরে পুলিশ মুকুলের বাগেরহাটে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়।