ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সেই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামিকে তাঁর ভাইসহ সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন প্রধান আসামি পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের আবদুল মান্নান (২৭) এবং তাঁর ভাই আবদুল হান্নান (৩২)। এর মধ্যে মান্নানকে ধর্ষণের এবং হান্নানকে তাঁকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানা সূত্রে জানা গেছে, আবদুল মান্নান উপজেলার দ্বীপনগর গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্র ধরে গত ১৯ সেপ্টেম্বর মান্নান ওই মেয়ের বাড়িতে আসেন। রাতে তিনি ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাম্য মাতব্বররা ছেলের অভিভাবকদের ডেকে ২০ সেপ্টেম্বর সালিস বসিয়ে মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও তাঁকে পালাতে সহায়তা করেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর মাতব্বররা জরিমানার ওই টাকা কিশোরীকে না দিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। এমনকি ওই কিশোরীকে থানায় মামলা করতেও বাধা দেন। এ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ ধর্ষণের জরিমানার টাকাও ভাগাভাগি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী আবদুল মান্নান, তাঁর ভাই হান্নান ও গ্রাম্য মাতব্বরদের আসামি করে বাগমারা থানায় মামলা করেন। মামলায় আবদুল মান্নানকে প্রধান আসামি করা হয়। পুলিশ ওই রাতেই সালিসে উপস্থিত ইউপির সদস্য আবু তাহের ও মাতব্বর উছমান আলীকে গ্রেপ্তার করে।