শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামিরা টাকা দিয়ে বাদীকে আপস-মীমাংসার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এ কারণে ওই শিশুর পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির বাবা বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ। মেয়েটিকে নির্যাতনের পর বড় অসহায় হয়ে পড়েছি। মেয়েটিকে ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে এসেছি। ভয়ে মেয়েটি এখন আর বাড়ির বাইরে যেতে চায় না। এদিকে আসামিরা টাকার বিনিময়ে মামলার আপস-মীমাংসা করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’ শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বাড়ির বাইরে এলে শিশুটিকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে রামকান্দি গ্রামের কাছে কয়েকজন তরুণ অটোরিকশাটি থামায়। এ সময় দুর্বৃত্তরা শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে রামকান্দি এলাকার তরুণেরা ওই শিশুকে পাশের চককানু গ্রামের একটি ঘরে নিয়ে আবারও ধর্ষণ করে। এরপর ওই তরুণেরা শিশুটিকে উপজেলার লস্করপুর গ্রামের রঞ্জু মিয়ার বাড়িতে রেখে আসে। পরদিন সন্ধ্যার পর মেয়েটির বাবা পুলিশের সহায়তায় তাকে রঞ্জু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৪ এপ্রিল ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় শাহীনুর রহমান (৩০), আবুল কালাম (৩৫), রঞ্জু মিয়া (২৬), আলতাফ হোসেন (৫০) ও অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন। দুই মাস পরেও পুলিশ শাহীনুর রহমান ও আলতাফ হোসেনকে ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, ধর্ষণের ঘটনায় জড়িত রামকান্দি এলাকার তরুণদের শনাক্ত করা হয়েছে। ওই আসামিরা বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তবে তিনি তাদের নাম বলতে রাজি হননি। মামলার আপস-মীমাংসার প্রস্তাব দেওয়ার বিষয়ে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।