ধর্ষণ মামলার শুনানি চলাকালে কাঠগড়ায় তরুণীর বিষপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে মামলার শুনানি চলাকালে কাঠগড়ায় বিষ পান করেন এক নারীশ্রমিক (২০)। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে। ওই সময় বিচারক ফেরদৌস আহমেদ মামলার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনছিলেন।

বিষ পান করার পর দ্রুত তাঁকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডে চিকিৎসাধীন। ওই ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে আদালতের নির্দেশে পুলিশ একটি মামলা করে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানার শ্রমিক।

মামলার আইনজীবী আমজাদ হোসেন ও হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী জানান, ২০১০ সালের মার্চ মাসে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের কর্মকর্তা চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের নাসির উল্লাহর (২৫) সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী একই কারখানার অপারেটর ছিলেন। ওই বছরের ১ ডিসেম্বর নাসির উল্লাহ তাঁকে ইপিজেডসংলগ্ন তাঁর বাসায় নিয়ে কয়েক দফা ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর নাসির তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত করার চাপ দেন।

ওই তরুণী জানান, আশ্বাস পেয়ে ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা সদরের একটি ক্লিনিকে গিয়ে তিনি গর্ভপাত ঘটান। এরপর নাসির উল্লাহ তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ওই ঘটনার পর তিনি ২০১২ সালের ৬ নভেম্বর কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাসিরকে একমাত্র আসামি করে ধর্ষণের মামলা করেন। চলতি বছরের ২৩ এপ্রিল আদালতে ওই মামলার তারিখ ছিল। আদালত নাসিরকে ওই দিন জামিনে মুক্তি দেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ওই মামলাটি আদালতে ওঠে। আদালতে তিনি তাঁর আইনজীবীদের নিয়ে উপস্থিত ছিলেন। দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বিচারকের সামনেই তাঁর ব্যাগে থাকা বিষের বোতল বের করে মুখে ঢালেন। বিষয়টি তৎক্ষণাৎ বিচারকের চোখে পড়ে। তখন তিনি পুলিশ ডেকে তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘প্রতারক নাসির উল্লাহ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সমাজে ঘৃণিত হয়ে আছি। এ সমাজ আমাকে ভালোভাবে নিচ্ছে না। লজ্জায় এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ি ভাড়া করে বসবাস করছি। কোথাও স্থায়ী হতে পারছি না।’

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি ছিদ্দিকুর রহমান বলেন, ‘গর্ভপাত ঘটানোর চিকিৎসা সনদে তারিখ নিয়ে গরমিল থাকায় বিবাদী জামিন পেয়েছেন। কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।’