ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি দিল তিন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ধর্ষণের মামলায় তিন শিশু আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে। এর মধ্যে খিলক্ষেত থানায় করা একটি মামলার আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

খিলক্ষেত থানায় করা মামলার বিবরণ অনুযায়ী, ধর্ষণের শিকার নয় বছরের শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে। খিলক্ষেতের একটি সেলুনে কাজ করা এক যুবক শিশুটিকে প্রায়ই বিস্কুট ও চকলেট কিনে দিত। গতকাল শনিবার ওই শিশুটিকে বিস্কুট-চকলেট কিনে দেওয়ার পর তাকে নিয়ে নিজের বাসায় যায় ওই যুবক। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে তার বাবা খিলক্ষেত থানায় মামলা করেন। পরে ওই যুবককে গ্রেপ্তার করে আজ রোববার পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আজ শিশুটি আদালতে এসে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দেয়।
খিলক্ষেত থানায় করা আরেকটি মামলার এজাহার থেকে জানা যায়, ৪ এপ্রিল খিলগাঁও তারাবাগ এলাকার একটি ভাড়া বাসায় চার বছরের শিশুকে ধর্ষণ করে ১৬ বছরের এক কিশোর। পরে গ্রেপ্তার ওই কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে। আর চার বছরের শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে। শিশুটিকে আদালতে নিয়ে আসেন তার বাবা।
আর মিরপুর থানায় করা মামলার প্রাথমিক বিবরণ অনুযায়ী, গত বছরের ৯ মে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার শিশুটি আজ রোববার আদালতে জবানবন্দি দেয়।