ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই নির্দোষ নয়নের জামিন

ভুক্তভোগীদের ধর্ষণ মামলায় এক নয়নের পরিবর্তে আরেক নয়ন গ্রেপ্তার হয়েছিলেন। তবে ২৭ দিন কারাবাসের পর নির্দোষ নয়ন মুক্তি পেয়েছেন। আজ বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরামুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
নির্দোষ নয়নের পক্ষের আইনজীবী সেলিম আল দীন জামিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে বেড়ানোর কথা বলে কক্সবাজার নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে—এমন অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়। তবে কারাগারে যাওয়ার আগে নয়নের আকুতি ও ভুক্তভোগী মেয়ের কথাবার্তায় গ্রেপ্তার নয়নই প্রকৃত আসামি কি না, সে বিষয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তদন্ত করে মামলার প্রকৃত আসামি বাসাইল উপজেলার বাঘিল গ্রামের ফারুক হোসেনের ছেলে নয়নকে গ্রেপ্তার করে। আসামি নয়ন ৮ অক্টোবর টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলার প্রকৃত আসামি ধরা পড়ার ১৬ দিন পর নির্দোষ নয়ন কারাগার থেকে ছাড়া পেলেন।
আরও পড়ুন:
ধর্ষণ মামলায় নির্দোষ নয়নের কারাবাস