ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণ মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন হোসেন ওরফে শেখ শাহীনসহ (২৩) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার কোটচাঁদপুর পৌর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদ (২৪) ও কৃষ্ণ সাহা (২৩)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ৫ মে দুই তরুণী ট্রেন করে ঢাকায় যাওয়ার জন্য কালীগঞ্জ শহর থেকে কোটচাঁদপুর রেলস্টেশনে আসেন। সেখানে তাঁরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। রাত ১০টার দিকে পাঁচ ব্যক্তি তাঁদের মিথ্যা বলে পাশের আমবাগানে নিয়ে যান। সেখানে ধর্ষণের শিকার হন দুই তরুণী। পরে ভয় দেখিয়ে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল বুধবার সকালে এক তরুণী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ৯)। শেখ শাহীন ওই মামলার ১ নম্বর আসামি। পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বলেন, এটা একটা ষড়যন্ত্র। ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। প্রতিপক্ষ শাহীনকে হয়রানি করতে এই চক্রান্ত করেছে।
তিনি দাবি করেন, থানায় ওই দুই তরুণীর সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা শাহীনের নাম বলেননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেছেন, তাঁরা শাহীনের সঙ্গে থাকেন। এতেই পুলিশ তাঁকে (শাহীন) গ্রেপ্তার করেছে। সংগঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে।