ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১-এর বিচারক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ছোট বাসুরিয়া গ্রামের মনসুর আলী (২৮), আশাদুল হক (৩০) ও শাহজাহান আলী (৩২)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে ১৫ বছর বয়সী কিশোরীকে মনসুর, আশাদুল ও শাহজাহান ধর্ষণ করেন। পরদিন সদর থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সদর থানার এসআই কিরণ কুমার রায় একই বছরের ২৩ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর গতকাল আদালত রায় ঘোষণা করেন।