ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে একটি ধর্ষণ মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন। অর্থদণ্ডের প্রাপ্য অর্থ ভুক্তভোগী ওই তরুণী পাবেন বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন সোহেল ওরফে বাবু (২৭), দবির আলী (২৮) ও আমিনুল ইসলাম (২৩)। ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল ওরফে বাবুর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। বাকি দুই যুবক পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা ও মামলার বিবরণ থেকে জানা যায়, মোবাইলে দুই মাসের পরিচয়ের সূত্রে সোহেল ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ২০১৫ সালের ৬ জুন সন্ধ্যায় বিয়ের কথা বলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নেন সোহেল। ওই দিন বিয়ে পড়ানোর কথা বলে সোহেল ও তাঁর দুই সহযোগী সন্ধ্যায় ওই তরুণীকে একটি বরইবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। পরের দিন ৭ জুন ওই তরুণী সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন একই বছরের ৩০ জুন আদালতে ওই তিন যুবককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগপত্রের ভিত্তিতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।