ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় শ্যামল চন্দ্র রায় (১৮) ও তার কাকা দেবেন্দ্র নাথ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর (ভারপ্রাপ্ত) বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন। এ সময় সাজাপ্রাপ্ত শ্যামল চন্দ্র রায় ও দেবেন্দ্রনাথ রায় আদালতে উপস্থিত ছিলেন। পরে বিশেষ নিরাপত্তায় তাদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। তারা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরে একা পেয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে শ্যামল চন্দ্র রায় ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মাসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্যামলকে আটক করেন। এ সময় কাকা দেবেন্দ্রনাথ রায় আটক শ্যামলকে ছিনিয়ে নিয়ে উপস্থিত লোকজনকে হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ২০১২ সালের ১ মে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।